প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি সিসোদিয়ার, “ইতিহাস আপনাকে ক্ষমা করবে না”

প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি সিসোদিয়ার, “ইতিহাস আপনাকে ক্ষমা করবে না”

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী দর্শন সেরে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির বরিষ্ঠ নেতা মণীশ সিসোদিয়া। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, দেশে প্রতিবাদী কণ্ঠস্বর দমনে মিথ্যে ও বানোয়াট অভিযোগে বিরোধীদের জেলে পাঠানো বর্তমান সরকারের সংস্কৃতিতে পরিণত হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল থেকে সোনম ওয়াংচুক—কাউকেই রেয়াত করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

সিসোদিয়া অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রমাণ জাল করে এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। জেলবন্দি আপ বিধায়ক মেহরাজ মালিকের পরিবারের সঙ্গে দেখা করে তিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। তাঁর মতে, স্কুল বা হাসপাতাল চাওয়ার অপরাধেও আজ দেশপ্রেমিক নাগরিকদের কারাবরণ করতে হচ্ছে, যা ইতিহাসের পাতায় মোদী সরকারের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।

আবগারি মামলায় ট্রায়াল কোর্টের অব্যাহতি দেওয়ার নির্দেশের ওপর দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ জারির আবহে সিসোদিয়ার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশে ক্রমবর্ধমান বেকারত্ব ও ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করেন। আইনি টানাপোড়েনের মধ্যেও দলীয় কর্মীদের মনোবল অটুট রাখার পরামর্শ দিয়ে তিনি দাবি করেন যে, সত্যের জয় নিশ্চিত এবং সমস্ত মিথ্যে অভিযোগ একদিন ধোপে টিকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *