প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান ‘আর্টেমিস ২’

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে তৈরি নাসা সাময়িকভাবে তাদের ‘আর্টেমিস ২’ অভিযান স্থগিত করেছে। আগামী ৬ থেকে ১১ মার্চের মধ্যে এই উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও রকেটের হিলিয়াম সরবরাহ ব্যবস্থায় আকস্মিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অভিযানটি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
নাসা সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি সফল মহড়ার পর ২১ ফেব্রুয়ারি রকেটের ‘ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজ’-এ হিলিয়াম প্রবাহে বিঘ্ন ঘটে। জ্বালানি ইঞ্জিনে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় চাপ বজায় রাখতে হিলিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাশচারীদের নিরাপত্তার খাতিরে কোনো ঝুঁকি না নিয়ে স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযানকে মেরামতির জন্য কেনেডি স্পেস সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এই মিশনে রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং জেরেমি হ্যানসেনের চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করার কথা রয়েছে। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ মিশনের পর এটিই প্রথম মানববাহী চন্দ্রাভিযান। আপাতত মহাকাশচারীদের কোয়ারেন্টাইন থেকে মুক্ত করে হিউস্টনে পাঠানো হয়েছে। তদন্ত ও মেরামতির অগ্রগতির ওপর ভিত্তি করেই ১ থেকে ৬ এপ্রিলের মধ্যে নতুন উৎক্ষেপণের সময়সীমা নির্ধারিত হবে।