প্রাক্তন রাষ্ট্রপতির নাম বাদ দিয়ে আসামের মেডিক্যাল কলেজের নতুন নামকরণ করল হিমন্ত বিশ্ব শর্মা সরকার

প্রাক্তন রাষ্ট্রপতির নাম বাদ দিয়ে অসমের মেডিক্যাল কলেজের নতুন নামকরণ করল হিমন্ত বিশ্ব শর্মা সরকার

আসামে প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নামাঙ্কিত মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরপেটায় অবস্থিত এই সরকারি প্রতিষ্ঠানটির বর্তমান নাম ‘ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ থেকে বদলে ‘বরপেটা রোড মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ রাখা হচ্ছে।

নাম পরিবর্তনের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যের অন্যান্য ১৫টি সরকারি মেডিক্যাল কলেজের নামকরণ সংশ্লিষ্ট এলাকার নামে হলেও কেবল বরপেটার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল এবং অনেকেই একে বেসরকারি প্রতিষ্ঠান বলে ভুল করছিলেন। প্রশাসনিক জটিলতা এড়াতেই এই পদক্ষেপ বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে সরকারের এই যুক্তিতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সমালোচকদের মতে, প্রতিষ্ঠানের নামের সাথে ‘সরকারি’ শব্দটি যুক্ত করলেই এই বিভ্রান্তি দূর করা সম্ভব ছিল। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ ছিলেন আসামের একমাত্র সন্তান যিনি রাইসিনা হিলসে পৌঁছেছিলেন। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির নির্দেশে স্বাক্ষর করার বিষয়টি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় হলেও সামগ্রিকভাবে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব। এর আগে এনআরসি তালিকায় তাঁর পরিবারের নাম বাদ পড়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠান থেকে নাম মুছে ফেলার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *