প্রাণ খুলে হাসুন: সুস্থ হার্ট ও দীর্ঘায়ুর অব্যর্থ মহৌষধ

কথায় কথায় হাসলে কেবল মন ভালো থাকে না, বরং শরীরের অন্দরে ঘটে ইতিবাচক পরিবর্তন। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসির ফলে রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, যা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ কমিয়ে দেয়। এছাড়া প্রাণখোলা হাসি শরীরের পেশি শিথিল করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ‘পেইনকিলার’ হিসেবে কাজ করে শারীরিক ব্যথা উপশম করে।
মানসিক চাপ ও অবসাদ দূর করতে হাসির কোনো বিকল্প নেই। হাসলে মস্তিষ্কে স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে, যার সরাসরি প্রভাব পড়ে স্মৃতিশক্তি ও মনোযোগের ওপর। এমনকি ওজন নিয়ন্ত্রণে রাখতেও হাসি কার্যকর; সমীক্ষা অনুযায়ী, এক মিনিট হাসলে যে পরিমাণ ক্যালোরি পোড়ে তা প্রায় দশ মিনিটের শরীরচর্চার সমান। এটি শরীরের বিপাক হার বাড়িয়ে মেদ ঝরানো সহজ করে তোলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও হাসির ভূমিকা অপরিসীম। নিয়মিত হাসলে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়, যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুরক্ষিত রাখে। এছাড়া অনিদ্রার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হাসি প্রাকৃতিক ঘুমের ওষুধের মতো কাজ করে। তাই সুস্থ থাকতে এবং রোগমুক্ত দীর্ঘ জীবন পেতে বিশেষজ্ঞরা দৈনন্দিন জীবনে হাসিখুশি থাকার পরামর্শ দিচ্ছেন।