প্রাপ্তবয়স্কদের জন্য চ্যাটজিপিটিতে আসছে ‘নটি চ্যাট’ মোড, বয়স যাচাইয়ে থাকছে কড়া নজর

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাটবট এখন কেবল কাজের সহায়তাই নয়, অনেকের ব্যক্তিগত সঙ্গীতেও পরিণত হয়েছে। ব্যবহারকারীদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে ওপেন এআই (OpenAI) নিয়ে আসছে ‘নটি চ্যাটস’ নামক একটি নতুন মোড। এই ফিচারে চ্যাটজিপিটির চিরাচরিত ভাষাগত ও নৈতিক নিয়ন্ত্রণগুলো শিথিল করা হবে, যার ফলে ব্যবহারকারীরা আরও খোলামেলা, বোল্ড বা রোম্যান্টিক কথোপকথন করার সুযোগ পাবেন।
এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ থাকবে। গ্রাহকের বয়স নির্ধারণে ওপেন এআই একটি উন্নত ‘এজ-প্রেডিকশন টুল’ ব্যবহার করবে। যদি সিস্টেম কাউকে অপ্রাপ্তবয়স্ক মনে করে, তবে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন মোড’ চালু হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেলফির মাধ্যমে নিজস্ব বয়স যাচাই করে পুনরায় প্রাপ্তবয়স্ক মোডে ফিরে আসার সুযোগ পাবেন।
ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, এই ‘এরোটিকা মোড’ কখনোই নিজে থেকে সক্রিয় হবে না। ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে টগল অন করে এই ফিচারের অনুমতি দিতে হবে। অ্যান্ড্রয়েড অথরিটির রিপোর্ট অনুযায়ী, চ্যাটজিপিটির নতুন ভার্সনে ইতিমধ্যেই এই সংক্রান্ত কোড পাওয়া গেছে। তবে ফিচারটি কবে নাগাদ বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।