প্রার্থীর ছেলেকে কড়া হুঁশিয়ারি মমতার! লালবাতি নিয়ে ঘোরার শখ মেটাতে মঞ্চ থেকেই দিলেন ধমক

প্রার্থীর ছেলেকে কড়া হুঁশিয়ারি মমতার! লালবাতি নিয়ে ঘোরার শখ মেটাতে মঞ্চ থেকেই দিলেন ধমক

জামুড়িয়ায় নির্বাচনী জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঁশিয়ারি দিলেন বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী হরেরাম সিংহকে। নেত্রীর স্পষ্ট নির্দেশ, প্রার্থী যেন তাঁর ছেলেকে লালবাতি লাগানো গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ানো থেকে বিরত রাখেন। ৫ বছর আগে মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও দলের একাংশের মধ্যে সেই বিলাসিতার প্রতি টান রয়ে গিয়েছে, যা নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।

হরেরাম সিংহের পুত্র প্রেমপাল সিংহ আসানসোল জেলা তৃণমূলের যুব সম্পাদক। তাঁর গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে নিজেকে ‘আসল বিধায়ক’ হিসেবে দাবি করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সভার মঞ্চ থেকে প্রার্থীর উদ্দেশে বলেন, “ছেলেকে বলবে লালবাতি নিয়ে যেন না ঘোরে।”

এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নেত্রীর এই মন্তব্যই প্রমাণ করে এলাকায় বিধায়ক-পুত্রের দাপট চরমে পৌঁছেছে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *