প্রার্থী তালিকা নিয়ে বিজেপিতে তুলকালাম, বিদ্রোহ দমনে তড়িঘড়ি রাজ্যে নীতিন নবীন

প্রার্থী তালিকা নিয়ে বিজেপিতে তুলকালাম, বিদ্রোহ দমনে তড়িঘড়ি রাজ্যে নীতিন নবীন

কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য বিজেপিতে আছড়ে পড়ল ক্ষোভের সুনামি। আলিপুরদুয়ার থেকে হুগলি—একাধিক আসনে প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন নিচুতলার কর্মীরা। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, ড্যামেজ কন্ট্রোলে মঙ্গলবারই তড়িঘড়ি রাজ্যে পা রাখছেন দলের সর্বভারতীয় নেতা নীতিন নবীন।

বিজেপির দ্বিতীয় দফার ১১১ জনের তালিকা ঘিরেই মূল অশান্তি। কর্মীদের অভিযোগ, বেশ কিছু কেন্দ্রে এমন প্রার্থী দেওয়া হয়েছে যা প্রকারান্তরে শাসকদল তৃণমূলকেই সুবিধা করে দেবে। সল্টলেকের দলীয় দপ্তরেও পৌঁছে গিয়েছে সেই আঁচ। বিশেষ করে হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের প্রার্থীপদ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন স্থানীয় কর্মীরা। প্রথম দফার তালিকায় সেভাবে গোলমাল না হলেও, দ্বিতীয় তালিকা আসতেই বিদ্রোহের সুর চড়ছে পদ্ম শিবিরে।

রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য কর্মীদের এই আবেগকে ‘অপ্রত্যাশিত’ বললেও সুর নরম করেননি। তাঁর দাবি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। অন্যদিকে, দিল্লি নেতৃত্ব একে বড় দলের ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলে উড়িয়ে দিলেও, বাকি ৩৯টি আসনের প্রার্থী ঘোষণার আগে নীতিন নবীনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *