প্রিয় নেতার টানে ১৬ কিলোমিটার পথ পাড়ি, হুইলচেয়ার ছাড়াই জনসভায় রফিকুল

প্রিয় নেতার টানে ১৬ কিলোমিটার পথ পাড়ি, হুইলচেয়ার ছাড়াই জনসভায় রফিকুল

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে সাগরপাড়া থেকে জলঙ্গি পৌঁছালেন রফিকুল মণ্ডল। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম রফিকুল ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তা সত্ত্বেও সোমবার জলঙ্গির সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতনের মাঠে আয়োজিত তৃণমূলের জনসভায় যোগ দিতে প্রায় ১৬ কিলোমিটার পথ কখনও হামাগুড়ি দিয়ে, আবার কখনও টোটোয় চড়ে পাড়ি দিয়েছেন তিনি।

পেশায় ভিক্ষাজীবী রফিকুল চক মথুরা গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিকূলতা ও আর্থিক অনটনের মাঝেও তৃণমূল কংগ্রেসের আদর্শ এবং মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর গভীর অনুরাগ তাঁকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে উদ্বুদ্ধ করেছে। রফিকুলের কথায়, যেখানেই প্রিয় নেতাদের সভা হয়, সেখানেই তিনি ছুটে যাওয়ার চেষ্টা করেন। তাঁর এই অদম্য উৎসাহ সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভিড় জমতে শুরু করে এবং নেতার আগমনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। রফিকুলের মতো অনেক সমর্থকই ব্যক্তিগত খরচ ও দীর্ঘ পথ অতিক্রম করে প্রিয় নেতাকে চাক্ষুষ করতে সভায় হাজির হয়েছিলেন, যা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *