প্রেমিকের সাথে মিলে স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী! রোমহর্ষক কাণ্ড

তাজনগরী আগ্রার রুনকতা থানা এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের চেষ্টা ও নৃশংসভাবে তাঁর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল। ভুক্তভোগী যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী, স্ত্রীর প্রেমিক এবং বাড়ির মালিক মিলে এই নক্কারজনক হামলা চালিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত যুবক উত্তরপ্রদেশের এটার বাসিন্দা এবং আগ্রার একটি জুতো কারখানায় কর্মরত। তাঁর দাবি, মথুরার বাসিন্দা টিঙ্কু নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘকাল অশান্তি চলছিল, যার জেরে স্ত্রী বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। অভিযোগ, গত ২ এপ্রিল রাতে সবজি মান্ডির কাছে ওই যুবককে একা পেয়ে স্ত্রী ও তাঁর সঙ্গীরা ঘিরে ধরে।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে ওই যুবককে বেধড়ক মারধর করে এবং পরে ধারালো ছুরি দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে আগ্রার এসএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ ইতিমধ্য়েই একটি এফআইআর (FIR) দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের সময় যুবকের বয়ানে কিছু অসংগতি ধরা পড়েছে বলে জানা গেছে। যুবকের দেওয়া তথ্যে কিছু বিভ্রান্তি থাকায় পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হামলাকারীরা বাইকে করে এসেছিল কি না, তাও যাচাই করা হচ্ছে।
রুনকতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী এবং কারা এই অপরাধের সাথে সরাসরি যুক্ত, তা নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ফরেনসিক দল ও স্থানীয় পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।