ফরাক্কায় বিদ্রোহ দমনে মমতার কড়া হুঁশিয়ারি, দলবিরোধী কাজ করলে সরাসরি সাসপেন্ড

আগামী বিধানসভা নির্বাচনে ফরাক্কা কেন্দ্রে প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামের বিদ্রোহ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রবিবার সামশেরগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিদ্রোহী নেতার নাম না করে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্দল বা অন্য দলের হয়ে দাঁড়ালে তাঁকে অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। অন্যথায়, দলের শৃঙ্খলাভঙ্গ করার অপরাধে তাঁকে সরাসরি সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী জনসভা থেকে সাফ বলেন যে, দলের স্বার্থে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। যারা দলের নির্দেশ অমান্য করে কাজ করবেন, তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। আমিরুল ইসলামকে ফরাক্কার যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন যে, ২৯৪টি আসনেই তিনি আসল প্রার্থী, তাই ব্যক্তি বিশেষের ক্ষোভের চেয়ে দলের প্রতীকই শেষ কথা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন মনিরুল ইসলাম। ইতিমধ্যেই তিনি কংগ্রেসের সমর্থনে মনোনয়ন জমা দিয়েছেন এবং লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ। তাঁর দাবি, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাই টিকিট না পাওয়ার কোনো সঙ্গত কারণ দেখছেন না। রাজনৈতিক মহলের মতে, মনিরুল পিছু না হটলে ফরাক্কায় তৃণমূলের অন্দরে ভোট কাটাকাটির সমীকরণ শাসকদলের দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে।