ফসল নষ্ট ও ঋণের বোঝা: মাথাভাঙায় আলুচাষির মর্মান্তিক আত্মহত্যা

ফসল নষ্ট ও ঋণের বোঝা: মাথাভাঙায় আলুচাষির মর্মান্তিক আত্মহত্যা

কোচবিহার জেলার মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঋণের দায়ে জর্জরিত এক আলুচাষির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কৃষকের নাম কৈলাস শীল শর্মা (৩৮)। জানা গিয়েছে, প্রায় আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক অকাল বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই কৃষক। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে।

মৃতের পরিবারের দাবি, আলু চাষের জন্য মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন কৈলাস। বৃষ্টির প্রকোপে আড়াই বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ায় ঋণ পরিশোধের দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। বাজারদর কম থাকা এবং ক্রেতার অভাবে লোকসানে আলু বিক্রি করতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতি তাকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৃষকের এই আত্মহনন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। উল্লেখ্য, গত মার্চ মাসেই প্রতিকূল আবহাওয়ায় মালদহসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে আলুচাষিদের আর্থিক সুরক্ষা ও বাজারের মন্দা কাটাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *