ফাস্ট্যাগ বার্ষিক পাসের দাম বাড়ছে, ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন টোল ফি

জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) অ-বাণিজ্যিক গাড়ির জন্য ফাস্ট্যাগ বার্ষিক পাসের মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে। আগামী ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সংশোধিত মূল্য অনুযায়ী, বার্ষিক পাসের খরচ ৩০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৩০৭৫ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি গত ১২ মার্চের নির্দেশিকায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই ৭৫ টাকা মূল্যবৃদ্ধির কথা নিশ্চিত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, একটি সক্রিয় ফাস্ট্যাগ থাকলে অ-বাণিজ্যিক গাড়ির মালিকরা এই পাস সংগ্রহ করতে পারবেন। এই পাসের মেয়াদ থাকবে এক বছর এবং এর অধীনে সর্বোচ্চ ২০০ বার জাতীয় সড়ক অতিক্রম করা যাবে। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই যদি ২০০ বার যাতায়াত শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় টাকা দিয়ে পাসটি পুনর্নবীকরণ করতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে সরাসরি এই ডিজিটাল পাস কেনা বা রিনিউ করা সম্ভব।
বর্তমানে দেশে প্রায় ১১.৮৬ কোটি ফাস্ট্যাগ নথিভুক্ত রয়েছে, যার মধ্যে ৫.৯ কোটি সক্রিয়। পরিসংখ্যান বলছে, প্রায় ২৮ শতাংশ গাড়ি চালক বর্তমানে এই বার্ষিক পাস ব্যবহার করছেন। তবে মনে রাখা জরুরি যে, এই ফাস্ট্যাগ বার্ষিক পাস দেশের সমস্ত টোল প্লাজ়ায় কার্যকর নয়। এটি বর্তমানে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট ১১৫০টি টোল প্লাজ়ায় বৈধ। অন্যান্য টোল প্লাজ়ার ক্ষেত্রে ফাস্ট্যাগের সাধারণ নিয়মেই নির্ধারিত অর্থ কাটা হবে।