ফিফা বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইরানের যুদ্ধের আবহে আমেরিকার মাটিতে খেলতে নারাজ তেহরান

বিশ্ব ফুটবলের মেগা আসর শুরুর আগেই ঘনিয়ে এল অনিশ্চয়তার মেঘ। ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আমেরিকার সঙ্গে চরম কূটনৈতিক সংঘাতের জেরে এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি।
সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার মাটিতে পা রাখা তাদের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার ষড়যন্ত্রে আমেরিকার ভূমিকার অভিযোগ তুলে তিনি বলেন, এমন এক ‘দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থার’ দেশে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলের মতো মার্কিন শহরগুলোতে হওয়ার কথা। কিন্তু তেহরানের দাবি, গত কয়েক মাসে যুদ্ধ ও হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই প্রতিকূল পরিবেশে ফুটবল খেলার মতো মানসিকতা বা পরিস্থিতি নেই বলে মনে করছে ইরান ফুটবল ফেডারেশনও। ফেডারেশন প্রধান মেহদি তাজও সম্প্রতি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের জন্য প্রথম সারিতেই যোগ্যতা অর্জন করেছিল ইরান। দেশটির এমন অনড় অবস্থানের মধ্যেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দলকে আমেরিকায় স্বাগত জানাতে প্রস্তুত। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চরম বৈরিতা শেষ পর্যন্ত ইরানকে বিশ্বমঞ্চ থেকে দূরে সরিয়ে রাখে কি না, তা নিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলে এখন তীব্র আলোচনা চলছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে ইরানের অংশগ্রহণ এখন সম্পূর্ণভাবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।