ফেসবুক বিজ্ঞাপনে কোটি কোটি টাকা ওড়াচ্ছে তৃণমূল ও বিজেপি! কোন দল কত খরচ করল জানলে চমকে যাবেন

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই ডিজিটাল ময়দানে শুরু হয়েছে টাকার লড়াই। গত এক মাসের মেটা অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী, বাংলার প্রধান দুই রাজনৈতিক দল ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচারের জন্য জলর মতো টাকা খরচ করছে। লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূলের।
পরিসংখ্যান বলছে, ১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে বিজেপির অফিসিয়াল পেজ ‘BJP West Bengal’ একাই রাজনৈতিক ও সামাজিক বিজ্ঞাপনের জন্য ব্যয় করেছে প্রায় ১.১১ কোটি টাকা। পিছিয়ে নেই তৃণমূলও। ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে খরচ হয়েছে প্রায় ৫১ লক্ষ টাকা। এছাড়া দলের মূল পেজ ‘All India Trinamool Congress’ থেকে ৩৯ লক্ষ এবং ‘তৃণমূলে নবজোয়ার’ ও ‘বাংলার গর্ব মমতা’র মতো একাধিক পেজ মিলিয়ে প্রচারের বহর আকাশছোঁয়া।
বিশেষজ্ঞদের মতে, তরুণ ভোটারদের মন জয় করতে এবং নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে ডিজিটাল প্ল্যাটফর্মই এখন সেরা হাতিয়ার। সে কারণেই মেটা এবং গুগলের মতো মাধ্যমে বিজ্ঞাপনের অঙ্ক কয়েক কোটিতে গিয়ে ঠেকেছে। ভোটের ফল কী হবে তা সময় বলবে, তবে ডিজিটাল লড়াইয়ে যে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না, তা এই খরচের হিসেব থেকেই স্পষ্ট।