ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে আগ্নেয়গিরির তাণ্ডব: হাইওয়েতে লাভার স্রোত, ছড়াচ্ছে আতঙ্ক

ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিইউনিয়নে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘পিটন দে লা ফোরনাইজ’ থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গলিত লাভার স্রোত পাহাড়ি এলাকা ছাড়িয়ে সরাসরি লোকালয়ের হাইওয়েতে নেমে আসায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়েছে। ১৬শ শতাব্দীর পর থেকে ১৫০ বারেরও বেশি সক্রিয় হওয়া ৫ লক্ষ বছরের প্রাচীন এই আগ্নেয়গিরিটি এবার দীর্ঘ সময় ধরে অগ্ন্যুৎপাত অব্যাহত রেখেছে।
মাদাগাস্কারের পূর্বে অবস্থিত এই দ্বীপে আগ্নেয়গিরির লাভা ও ছাইয়ের কারণে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। লাভাস্রোত গাছপালা ও বন্যপ্রাণ ধ্বংস করে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে দ্বীপের আয়তন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট ও চোখের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
প্রশাসন ইতিমধ্যে উপদ্রুত এলাকাটি অবরুদ্ধ করে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বনভূমি ও প্রবাল প্রাচীর রক্ষার বিষয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ দ্বীপবাসীর জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।