বউবাজারে কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনকাণ্ডে অভিযুক্ত সমীরের জেল হেফাজত

বউবাজার এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত যুবক মহম্মদ সমীরকে আগামী ২৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার কলকাতার বিচারভবনের পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই আদেশ প্রদান করেন।
মামলার সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই কিশোরীকে সম্প্রতি বউবাজার এলাকা থেকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত সমীর। এরপর তাকে বারুইপুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতনের পর কিশোরীকে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকার একটি মেট্রো স্টেশনের কাছে ফেলে দিয়ে অভিযুক্ত চম্পট দেয়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে বিহারের বৈশালির বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর করেনি। আগামী ১৮ মার্চ এই জামিন আবেদনের পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।