বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বৃদ্ধির আবেদন রাজ্যের, পালটা ধর্মঘটের ডাক কর্মীদের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র প্রথম কিস্তির ২৫ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চাইল রাজ্য সরকার। সম্প্রতি শীর্ষ আদালতে জমা দেওয়া এক রিপোর্টে প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতার দোহাই দিয়ে এই সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া অর্থের প্রথম অংশ পরিশোধ করার কথা ছিল, যা বর্তমানে অনিশ্চয়তার মুখে।
রাজ্য সরকারের দাবি, ২০১৬ সালের আগের কয়েক লক্ষ কর্মীর নথি ডিজিটাল না হওয়ায় সেগুলো যাচাই করতে দীর্ঘ সময় লাগছে। হাতে লেখা সার্ভিস বুকগুলো ডিজিটাইজ করার প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য এবং বর্তমানে প্রশাসনিক আধিকারিকের ঘাটতি থাকায় এই বিলম্ব ঘটছে। গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়েছিলেন যে ডিএ কর্মীদের আইনি অধিকার এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যেই মেটাতে হবে।
রাজ্যের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। সময়সীমা বাড়ানোর আর্জির প্রতিবাদে এবং দ্রুত বকেয়া মেটানোর দাবিতে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আইনি লড়াইয়ের পর আদালতের চূড়ান্ত নির্দেশের পরেও ডিএ প্রাপ্তিতে এই নতুন বাধা নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।