বকেয়া ডিএ-র দাবিতে উত্তাল কলকাতা, ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর কালীঘাট অভিযান ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার হাজরা মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার ২৫ শতাংশ ডিএ মেটানোর কোনো সদর্থক পদক্ষেপ করেনি—এই অভিযোগ তুলে এদিন আন্দোলনে নামেন সরকারি কর্মচারীরা। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ও বাধা ডিঙিয়ে এগোতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়।
বিক্ষোভকারীদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় ক্ষোভ উগরে দেন সংগঠনের নেতা ভাস্কর ঘোষ। তিনি অভিযোগ করেন, রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে একতরফা শাসন চলছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান যৌথ মঞ্চের প্রতিনিধিরা।
বিকেলের দিকে অবস্থান বিক্ষোভ তুলে নিলেও আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ‘সেমিফাইনাল শেষ, এবার ফাইনাল’—এই হুঁশিয়ারি দিয়ে ওই দিন সমস্ত সরকারি দফতর ও আদালত স্তব্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।