বকেয়া ডিএ-র দাবিতে ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক যৌথ মঞ্চের

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে উত্তাল কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ২৫ শতাংশ ডিএ না মেটানোর অভিযোগে বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দেয় ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। তবে হাজরা মোড়ে পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেডে আন্দোলনকারীরা বাধাপ্রাপ্ত হলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে আলোচনার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন সরকারি কর্মচারীরা।
পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ উগরে দেন মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তাঁর অভিযোগ, সরকার সুপ্রিম কোর্টের আইনি নির্দেশ অমান্য করে পুলিশ দিয়ে কণ্ঠরোধের চেষ্টা করছে। প্রশাসনের অনড় মনোভাবের প্রতিবাদে এবং আলোচনার পথ বন্ধ হওয়ায় এবার আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, ‘সেমিফাইনাল শেষ, ফাইনাল খেলা হবে ১৩ মার্চ’। ওই দিন রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়ে সমস্ত সরকারি দফতর ও আদালত স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দাবি না মিটলে আগামী মাসে বড়সড় প্রশাসনিক অচলাবস্থার সতর্কবার্তা দিয়ে এদিন মাঠ ছাড়েন বিক্ষোভকারীরা।