বকেয়া মেটাতে চিনের কড়া আল্টিমেটাম, চরম জ্বালানি সংকটের মুখে পাকিস্তান

বকেয়া মেটাতে চিনের কড়া আল্টিমেটাম, চরম জ্বালানি সংকটের মুখে পাকিস্তান

চিনের সঙ্গে আর্থিক টানাপোড়েনে চরম সংকটে পড়েছে পাকিস্তান। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বকেয়া ২২০ মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের জন্য ইসলামাবাদকে কড়া আল্টিমেটাম দিয়েছে বেইজিং। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ না মেটালে দেশটিতে চলমান গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থ পরিশোধে বিলম্ব হলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হবে এবং প্রকল্পের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হবে।

এই বিপুল পরিমাণ বকেয়া অর্থ মূলত ইউইপি (UEP) সংস্থার মাধ্যমে সরবরাহ করা গ্যাসের জন্য পাওনা। বর্তমানে এই প্রকল্প থেকে সুয়ি সাউদার্ন গ্যাস সংস্থা প্রতিদিন প্রায় ২৬০-২৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছে। তবে তীব্র আর্থিক সংকটের কারণে ইউইপি সংস্থাটি ইতিমত্যেই বেশ কিছু কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সে দেশের সরকারকে একটি জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত বকেয়া মেটানোর জন্য জোর দিয়েছেন।

পাকিস্তানের স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে অবিলম্বে এই পাওনা মেটানোর পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই চাপের নেপথ্যে কূটনৈতিক সমীকরণও থাকতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টাকে চিন ভালোভাবে নেয়নি বলে মনে করা হচ্ছে। জ্বালানি সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য এই বিপুল অর্থ পরিশোধ করা এখন বড় চ্যালেঞ্জ, যা ব্যর্থ হলে দেশটির জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *