বঙ্গ বিজেপির ৯ রথযাত্রায় দিল্লির সবুজ সংকেত, এসপিদের পাঠানো হচ্ছে রুট ম্যাপ
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রস্তাবিত ৯টি ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রার রুটে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির ছাড়পত্র মেলার পর দলীয় কর্মসূচির এই বিস্তারিত রুট ম্যাপ সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপারদের (এসপি) কাছে পাঠানো শুরু হয়েছে। উত্তরবঙ্গের রাসমেলা ময়দান থেকে মূল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হতে চলেছে।
বিজেপির এই মেগা কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গ, মালদা, নবদ্বীপ ও মেদিনীপুর সহ বিভিন্ন বিভাগে ভাগ হয়ে এই যাত্রা চলবে। সূচি অনুযায়ী, ৫ থেকে ১০ মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি ব্লকে বড় জনসভার পাশাপাশি অসংখ্য ছোট ছোট পথসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে একটি গুরুত্বপূর্ণ যাত্রার সূচনা করবেন।
এই রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের বড় অংশকেই স্পর্শ করতে চাইছে। প্রতিটি বিভাগীয় যাত্রার জন্য পৃথক রুট ও জনসভার স্থান চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক অনুমতির প্রক্রিয়া সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করতেই পুলিশ প্রশাসনের কাছে আগাম এই রুট ম্যাপ জমা দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।