বজবজে ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ: মৃত ১ নাবালক, আশঙ্কাজনক আরও এক

দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি ঝালাই গ্যারেজে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে শেখ নিজামউদ্দিনের মালিকানাধীন ওই গ্যারেজে একটি খালি তেলবাহী ট্যাঙ্কার ঝালাই করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্যারেজের ছাদের একাংশ পুরোপুরি উড়ে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে এবং অন্য এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নাবালককে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অভিযোগে জানা গিয়েছে, গ্যারেজটিতে বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তে রান্নার গ্যাস ব্যবহার করে ঝালাইয়ের কাজ করা হচ্ছিল। এই বেআইনি কাজের জেরেই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।