বড়ঞায় উপচে পড়া ভিড় মমতার জনসভায় ‘লক্ষ্মী’দের জয়জয়কার

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা গ্রামে আয়োজিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মূলত মহিলাদের উপস্থিতিতেই জনসমুদ্রে পরিণত হয়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের উপভোক্তারা নেত্রীকে ধন্যবাদ জানাতে সকাল থেকেই সভাস্থলে ভিড় জমান। সাংসদ ইউসুফ পাঠান ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই সভায় মহিলাদের স্বতস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল সুপ্রিমোর দর্শনে আসা মহিলারা জানান, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি তাদের জীবনে বড় সহায়ক হয়েছে। সভায় যোগ দিতে অনেকেই সংসারের কাজ সেরে বা পরিবারের বিকল্প খাবারের ব্যবস্থা করে মিছিলে শামিল হন। ভিড়ের চাপে সভাস্থলের নিরাপত্তা বলয়ের ভেতরেও মহিলাদের বসার জায়গা করে দিতে হয় আয়োজকদের।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোটবন্দির কঠিন সময়ে মা-বোনেদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই তিনি এই প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে এই সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, আগামীতেও এই প্রকল্প অব্যাহত থাকবে এবং এটি বাংলার মহিলাদের জন্য তাঁর বিশেষ উপহার।