বদলে যাচ্ছে ভোটের প্রচারের নিয়ম! সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনে কমিশনের কড়া নজরদারি
March 20, 20268:53 pm

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এবার রাজনৈতিক দলগুলোর ডিজিটাল প্রচার এবং বিজ্ঞাপনের ওপর নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। ১৯ মার্চ সব রাজ্যের সিইও এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনও ভুল তথ্য বা ফেক নিউজ ছড়ালে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
কমিশনের নতুন গাইডলাইন একনজরে
- বিজ্ঞাপনে আগাম অনুমতি বাধ্যতামূলক: টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া বা বাল্ক এসএমএসের মাধ্যমে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ (MCMC) থেকে প্রি-সার্টিফিকেশন নিতে হবে।
- সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য: প্রত্যেক প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের আসল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিস্তারিত তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে।
- পেইড নিউজে বিশেষ নজর: সংবাদমাধ্যম বা অনলাইনে টাকার বিনিময়ে খবর বা ‘পেইড নিউজ’ পরিবেশন করা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখবে বিশেষ কমিটি।
- খরচের হিসাব প্রদান: নির্বাচন শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার, কনটেন্ট তৈরি এবং আইটি সেল পরিচালনার যাবতীয় খরচের হিসাব কমিশনকে জমা দিতে হবে।
মূলত নির্বাচনকে স্বচ্ছ রাখতে এবং ভোটারদের বিভ্রান্তি থেকে বাঁচাতে এই ডিজিটাল সেন্সরশিপের পথে হাঁটল কমিশন। এর ফলে এখন থেকে নেটপাড়ায় আলটপকা মন্তব্য বা অনুমোদনহীন বিজ্ঞাপনে রাশ টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।