বনগাঁয় মমতার হাইভোল্টেজ সভা: ৫০ হাজার জমায়েতের লক্ষ্যে তুঙ্গে প্রস্তুতি

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার সভার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলের প্রতিনিধি দল ও প্রশাসনের শীর্ষ কর্তারা।
নির্বাচনী প্রচারের এই গুরুত্বপূর্ণ জনসভায় আকাশপথে পৌঁছাবেন তৃণমূল নেত্রী। বনগাঁ হাইস্কুলের মাঠে ইতিমধ্য়েই একটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে সরাসরি সভাস্থলে প্রবেশ করবেন তিনি। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস ও ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে এই রাজনৈতিক কর্মসূচি আয়োজিত হচ্ছে।
তৃণমূল নেতৃত্বের আশা, মঙ্গলবারের এই মেগা সভায় ৫০ হাজারেরও বেশি মানুষের জমায়েত হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জনসভার পরিকাঠামো খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শন চলছে। বনগাঁর এই সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।