বনগাঁ দক্ষিণে তৃণমূলের প্রচারের তুরুপের তাস ‘থিম সং’, তুড়ি মেরে ওড়ালো বিজেপি

বনগাঁ দক্ষিণে তৃণমূলের প্রচারের তুরুপের তাস ‘থিম সং’, তুড়ি মেরে ওড়ালো বিজেপি

বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের ধরনে বড়সড় চমক নিয়ে এল তৃণমূল কংগ্রেস। প্রচলিত জনসভা ও বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে এবার হাতিয়ার করা হয়েছে বিশেষ ‘থিম সং’। ২৬ বছর বয়সী এই তরুণ প্রার্থীর হয়ে ভোটপ্রচারের গাড়ি থেকে শুরু করে পাড়ার মোড়— সর্বত্রই এখন প্রতিধ্বনিত হচ্ছে উন্নয়নের বার্তা সংবলিত এই গান। সংক্ষিপ্ত শব্দ ও স্লোগানধর্মী ছন্দে তৈরি এই কৌশল ভোটারদের দ্রুত আকৃষ্ট করছে বলে দাবি শাসক শিবিরের।

তৃণমূল নেতৃত্বের মতে, দীর্ঘ রাজনৈতিক ভাষণের চেয়ে গানের মাধ্যমে দলের বার্তা সাধারণ মানুষের কাছে অনেক সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। স্থানীয় উন্নয়ন ও নাগরিক পরিষেবার খতিয়ান তুলে ধরে তৈরি এই গানটি বর্তমানে প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। প্রার্থী ঋতুপর্ণা আঢ্য জানান, বিজেপির বিদায়ী বিধায়ক এলাকায় কোনো কাজ না করায় মানুষ বিকল্প খুঁজছে এবং এই নতুন আঙ্গিকের প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।

অন্যদিকে, তৃণমূলের এই ‘হাইটেক’ প্রচার কৌশলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি, গানের সুরে ভোট পাওয়া যায় না, বরং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই ফলাফল নির্ধারিত হয়। তৃণমূল সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে পাল্টা তোপ দেগেছেন তিনি। প্রচারের এই সুর বনাম ইস্যুর লড়াইয়ে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *