বন্দুক দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদানের অভিযোগ বিজেপি নেতার, অস্বীকার শাসকদলের

বন্দুক দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদানের অভিযোগ বিজেপি নেতার, অস্বীকার শাসকদলের

কোচবিহারের দিনহাটায় বিজেপি জেলা কমিটির সদস্য কমল বর্মণকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উঠেছে। বিজেপি নেতার দাবি, সোমবার বাজারে যাওয়ার সময় তাঁকে অপহরণ করে তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণের ভয়ে তিনি ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেও, মঙ্গলবার জেলা বিজেপি কার্যালয়ে ফিরে নিজেকে পদ্ম শিবিরের একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন।

এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মদতে এলাকায় সন্ত্রাস চলছে এবং মানুষকে ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করা হচ্ছে। তিনি সাফ জানান, কমল বর্মণ বিজেপিতেই আছেন এবং তৃণমূলের এই অনৈতিক কাজ সাধারণ মানুষ মেনে নেবে না।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা-২ ব্লকের তৃণমূল সভাপতি দীপককুমার ভট্টাচার্যের দাবি, কমল বর্মণ নিজেই স্বেচ্ছায় এসে দলে যোগ দিয়েছিলেন। শাসক শিবিরের মতে, আসন্ন নির্বাচনের আগে প্রচারের আলো পেতেই বিজেপি এ ধরনের ভিত্তিহীন ও সাজানো অভিযোগ করছে। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *