বন্দে ভারতের দইয়ে ভাসছে পোকা! কড়া পদক্ষেপ রেলের, ৫০ লক্ষ টাকা জরিমানা

পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের পরিবেশন করা খাবারে পোকা পাওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। ট্রেনের রাতের খাবারের সঙ্গে দেওয়া দইয়ে পোকা ভাসতে দেখে জনৈক যাত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন। ওই যাত্রীর দাবি, তাঁর পাশাপাশি অন্য যাত্রীদের দইয়েও একই সমস্যা দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রেল পরিষেবা ও খাবারের মান নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
যাত্রীর অভিযোগের ভিত্তিতে রেল মন্ত্রক দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে সংশ্লিষ্ট ক্যাটারিং কো ম্পা নির চুক্তি বাতিল করার পাশাপাশি ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আইআরসিটিসি-কেও (IRCTC) ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা এবং খাবারের গুণমানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না।
ভারতীয় রেলের মুখপাত্র জানিয়েছেন, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে উন্নত পরিষেবা ও পরিচ্ছন্নতা বজায় রাখা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ সালের ১৫ই মার্চ ২১৮৯৬ নম্বর ট্রেনের এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং মানসম্মত পরিষেবা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মকানুন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।