বন্দে ভারত কি আমজনতার নাগালের বাইরে? সংসদে রেলমন্ত্রীকে প্রশ্নের বাণে বিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বন্দে ভারত কি আমজনতার নাগালের বাইরে? সংসদে রেলমন্ত্রীকে প্রশ্নের বাণে বিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেশের রেল পরিষেবা এবং বন্দে ভারত এক্সপ্রেসের কার্যকারিতা নিয়ে এবার সরাসরি সংসদে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত নিয়ে গর্ব প্রকাশ করলেও, সাধারণ মানুষের কাছে এই পরিষেবা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন তিনি।

সংসদে রেলমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া কি আদৌ সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত মানুষের সামর্থ্যের মধ্যে? বিশেষ করে হাওড়া-গুয়াহাটি, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-মালদহ টাউনের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে বন্দে ভারতের বিভিন্ন শ্রেণির ভাড়ার বিস্তারিত খতিয়ান দাবি করেন তিনি।

অভিষেকের মূল প্রশ্ন ছিল, ওই একই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারতের ভাড়া কতটা বেশি? তাঁর অভিযোগ, রেল পরিষেবা আধুনিক করার নামে যে বিপুল ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সাধারণ যাত্রীদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রেলের বিজ্ঞাপিত এই উচ্চমূল্যের ভাড়া নিয়ে তিনি সরাসরি রেলমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন। তবে তৃণমূল সাংসদের এই সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক প্রশ্নের কোনো সদুত্তর রেল মন্ত্রকের পক্ষ থেকে পাওয়া যায়নি। লোকাল থেকে সুপারফাস্ট ট্রেনের অনিয়মিত চলাচল এবং পরিষেবার মান নিয়ে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভের মাঝেই অভিষেকের এই প্রশ্ন রেল কর্তৃপক্ষকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *