বন্ধুর ফেক ফেসবুক প্রোফাইল খোলার প্রতিবাদ: মালদায় কিশোরের রহস্যমৃত্যু

বন্ধুর ফেক ফেসবুক প্রোফাইল খোলার প্রতিবাদ: মালদায় কিশোরের রহস্যমৃত্যু

মালদার মানিকচক থানার সাহেবনগর এলাকায় এক বন্ধুর ছবি ব্যবহার করে ফেক ফেসবুক প্রোফাইল খোলার প্রতিবাদ করায় সোহেল নামক এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ, সহপাঠী বন্ধু আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে একটি জাল অ্যাকাউন্ট তৈরি করে এলাকার মেয়েদের আপত্তিকর বার্তা পাঠাত। বিষয়টি জানতে পেরে সোহেল প্রতিবাদ জানালে চরম অশান্তির সৃষ্টি হয়।

গত রবিবার সোহেল এই ঘটনার প্রতিবাদ করতে অভিযুক্তের বাড়িতে গেলে বন্ধু ও তার বাবা শেখ ফিজুর তাকে লাঠিসোটা ও বাঁশ দিয়ে নৃশংসভাবে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সোহেলের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বন্ধু ও তার বাবার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *