বরফের কবলে সিকিম! ৩০০০ পর্যটককে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনল ভারতীয় সেনা

বরফের কবলে সিকিম! ৩০০০ পর্যটককে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনল ভারতীয় সেনা

গত ৪৮ ঘণ্টা ধরে সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় চলছে প্রকৃতির তাণ্ডব। প্রবল তুষারপাতের জেরে নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং জিরো পয়েন্টে ঘুরতে গিয়ে আটকা পড়েছিলেন প্রায় ৩০০০ পর্যটক। সেই সঙ্গে বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল ৫৫০টিরও বেশি যানবাহন। হাড়কাঁপানো ঠান্ডা আর অক্সিজেনের অভাব যখন পর্যটকদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছিল, ঠিক তখনই ‘দেবদূত’ হয়ে হাজির হলেন ভারতীয় সেনার ‘ত্রিশক্তি কর্পস’-এর জওয়ানরা।

সোমবার থেকে শুরু হওয়া তুষারপাত মঙ্গলবার আরও ভয়াবহ আকার ধারণ করে। ১৫ মাইল এবং নাথুলা সংলগ্ন রাস্তায় প্রায় ২ থেকে ৩ ফুট বরফ জমে যাওয়ায় পর্যটকদের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পিচ্ছিল রাস্তায় চাকা ঘুরে বড়সড় দুর্ঘটনার উপক্রম তৈরি হয়। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে বিআরও (BRO) এবং ভারতীয় সেনা। স্লো-কাটার মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়।

মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ১৫০০ পর্যটককে উদ্ধার করে সেনার বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁদের জন্য গরম কাপড়, খাবার এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়। কর্নেল গৌরব রাঠোর জানিয়েছেন, তীব্র ঠান্ডায় বেশ কিছু পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন, যাঁদের সেনার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই তাঁদের গ্যাংটকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন পাহাড়ি ও উঁচু এলাকায় ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা অত্যন্ত পিচ্ছিল থাকায় যেকোনো মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কা করছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *