বর্ণবিদ্বেষের জেরে নববধূকে পিটিয়ে খুনের অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা

খানাকুলে বর্ণবিদ্বেষের জেরে এক উচ্চশিক্ষিতা নববধূকে পিটিয়ে ও বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার নাম পারমিতা কারক (২৬)। অভিযোগ, পারমিতা মাহিষ্য সম্প্রদায়ের পরিবারে পুত্রবধূ হয়ে এলেও তিনি ‘নিচু জাতের’ হওয়ায় বিয়ের পর থেকেই তাঁর ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এমনকি তাঁকে রান্নাঘর বা ঠাকুরঘরে ঢুকতে দেওয়া হতো না বলেও পরিবারের দাবি।
শুক্রবার রাতে বাপের বাড়ির লোকেরা পারমিতার মৃত্যুর খবর পান। মৃতার মা রুমা কারকের অভিযোগ, তাঁর মেয়ে মেধাবী ও স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিচু জাতের অপবাদে তাঁকে একঘরে করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত স্বামী তন্ময় পাত্র ও শাশুড়ি মিলে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।