বলিউড ডায়েরি: ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে আমিরের প্রশংসা এবং বির্তকে বোমান-মন্দানা

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলায় পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন আমির খান। অভিনেতা স্বীকার করেছেন যে, ব্যস্ততার কারণে ছবিটি এখনও দেখে উঠতে না পারলেও এর সাফল্য এবং পরিচালক আদিত্য ধরের কাজে তিনি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি দ্রুত সিনেমাটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে, চার দশকের সম্পর্ক উদযাপনে মহেশ ভাটের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুপম খের। ১৯৮৪ সালে ‘সারাংশ’ ছবির মাধ্যমে অভিষেকের সময় মাত্র ২৫০ টাকা পারিশ্রমিক পেলেও, আজ গুরুদক্ষিণা হিসেবে মহেশ ভাটকে উল্টে ২৫,০০০ টাকা দেন তিনি। সাফল্যের শিখরে পৌঁছেও প্রবীণ এই অভিনেতা তাঁর মেন্টরের প্রতি এই অনন্য রীতি বজায় রেখেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি ব্যাঙ্গাত্মক ভিডিওর জেরে বিতর্কে জড়িয়েছেন বোমান ইরানি। ভিডিওতে ইরান সংক্রান্ত কিছু মন্তব্য করায় তাঁর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী মন্দানা কারিমি। ইরানের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবেদনশীল মন্দানা এই ধরণের মন্তব্যকে অসংবেদনশীল বলে কঠোর সমালোচনা করেছেন।