বসন্তের মাঝেই ঝোড়ো ব্যাটিং শীতের, ভিজবে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গ!

কলকাতা ও রাজ্যজুড়ে ফের অকাল বৃষ্টি!
হিসেব অনুযায়ী এখন বসন্তকাল হলেও বাংলার আকাশ ও বাতাসে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে শুরু হয়েছে অকাল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
কেন এই হঠাৎ বদল?
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওপর সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সোমবার দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহের শেষে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটকদের জন্য উদ্বেগের বিষয় হলো, সিকিমের নাথুলা ও জুলুকে তুষারপাত এবং হিমবাহ ধসের ঝুঁকি তৈরি হয়েছে।
কলকাতার পরিস্থিতি
শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা এবং বইছে ঠান্ডা হাওয়া। আগামী কয়েকদিন মহানগরীতে দফায় দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।