বসিরহাটে ভোটার তালিকায় ব্যাপক গরমিল, ভারতীয়দের নাম বাদ যাওয়ায় রণক্ষেত্র এলাকা

বসিরহাট উত্তর বিধানসভার মাকাল গাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১ নম্বর বুথসহ সংলগ্ন এলাকায় ভোটার তালিকা থেকে কয়েকশ প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক প্রজন্ম ধরে এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নাম রহস্যজনকভাবে বাদ গেলেও তালিকায় ঠাঁই পেয়েছে বছর তিনেক আগে আসা বাংলাদেশিদের নাম। এমনকি স্বয়ং পঞ্চায়েত সদস্যের নামও তালিকা থেকে বাদ যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
রবিবার এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা বসিরহাটের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, দুটি বুথ মিলিয়ে প্রায় ৭০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে জনপ্রতিনিধিদের নামও রয়েছে। ভোটার তালিকায় এই নজিরবিহীন অসঙ্গতির ফলে নিজেদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে বাদ পড়া নামগুলো পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসনিক গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। একটি গ্রাম পঞ্চায়েত থেকেই হাজার হাজার মানুষের নাম বাদ যাওয়ায় বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং প্রকৃত নাগরিকদের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।