বসিরহাটে ভোটার তালিকা থেকে কয়েকশো নাম উধাও: রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ

বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা থেকে কয়েকশো নাম বাদ পড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুনোরাটি ও বড়গোবরা এলাকার দুটি বুথ মিলিয়ে প্রায় ৩৯৭ জন ভোটারের নাম তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিধানসভা নির্বাচনের আগে ভোটাধিকার হারানোর আতঙ্কে গ্রামবাসীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে ভোটাধিকার ফিরিয়ে না দিলে আগামী নির্বাচনে গ্রামের স্কুলে বুথ তৈরি করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় বিএলও জানান, নির্দিষ্ট বুথের ৯১০ জন ভোটারের মধ্যে অনেকের নাম বিচারাধীন ছিল, যার ফলে ১৪২ জনের নাম বাদ পড়েছে। বর্তমানে তাদের সমস্যা সমাধানের জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে বলা হয়েছে।
বিএলও-র আশ্বাসেও কাটেনি আতঙ্ক, বরং বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় এই সমস্যাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ চলছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। ভোটার তালিকায় নাম না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া এই ক্ষোভ এখন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।