বহরমপুরে অধীরের প্রচারে তৃণমূলের তুমুল বিক্ষোভ, রণক্ষেত্র ১৯ নম্বর ওয়ার্ড

বহরমপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে চরম উত্তেজনার মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শনিবার সকালে ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।
বিক্ষোভ সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হলে শাসকদলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাধে। উত্তেজিত জনতাকে সরিয়ে কোনওরকমে অধীর চৌধুরীকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের দাবি, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বেই পরিকল্পিতভাবে এই হামলা ও বিক্ষোভ চালানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, কোনো দলীয় নেতৃত্ব নয় বরং এলাকার সাধারণ বাসিন্দারাই ক্ষোভ থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত স্লোগান তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বহরমপুর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।