বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর কাটআউট বইছেন কেন্দ্রীয় জওয়ান, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর কাটআউট বইছেন কেন্দ্রীয় জওয়ান, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার নির্বাচনী প্রচারে এক কেন্দ্রীয় জওয়ানকে দলীয় প্রতীকের কাটআউট বহন করতে দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রার্থীর নির্দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই জওয়ান গাড়ি থেকে পদ্মফুলের কাটআউট বের করে কর্মীদের হাতে তুলে দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।

এই ঘটনার তীব্র সমালোচনা করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে কেন্দ্রীয় বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছেন বিজেপি প্রার্থী। অভিযুক্ত প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জোড়াফুল শিবির। শাসক দলের দাবি, রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হওয়া বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনীকে নিজস্ব কর্মীর মতো ব্যবহার করছে।

বিতর্কের মুখে পড়ে মেজাজ হারিয়ে বিচিত্র সাফাই দিয়েছেন নীলাদ্রি শেখর দানা। তিনি দাবি করেন, পদ্মফুল দিয়ে দেবী দুর্গার আরাধনা হয় এবং শ্রীরামচন্দ্রও এই ফুল ব্যবহার করেছিলেন। তাঁর মতে, যাঁরা এখনও হাতে পদ্মফুল তুলে নেননি, তাঁরা ঈশ্বরবিরোধী ও দেশবিরোধী। প্রার্থীর এমন মন্তব্য এবং জওয়ানকে দিয়ে দলীয় কাজ করানোর ঘটনায় বাঁকুড়ার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *