বাঁশের ম্যাসাজে কি আদেও মেদ ঝরে? ভাইরাল ট্রেন্ডের আসল সত্য জানালেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনে ওজন কমাতে অনেকেই শর্টকাট খুঁজছেন, যার সাম্প্রতিক সংযোজন ‘বাঁশ থেরাপি’ বা ‘বাম্বু ম্যাসাজ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই পদ্ধতিতে গরম বাঁশ শরীরের ওপর গড়িয়ে মেদ গলানোর দাবি করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি মূলত একটি ‘ডিপ টিস্যু ম্যাসাজ’ যা কেবল পেশির টান কমাতে এবং রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে।
প্রকৃতপক্ষে, এই থেরাপি সাময়িকভাবে শরীরের ফোলাভাব বা ওয়াটার রিটেনশন কমিয়ে ত্বককে কিছুটা টোনড দেখাতে পারে। শরীর রিল্যাক্স হওয়ায় অনেকে একে ওজন কমা বলে ভুল করেন। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি চর্বি বা ফ্যাট বার্ন করার কোনো জাদুকরী উপায় নয়। ম্যাসাজের মাধ্যমে শরীর হালকা লাগলেও শরীরের অভ্যন্তরীণ ফ্যাট কমানোর সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ উপায়ে ওজন কমানোর কোনো সংক্ষিপ্ত পথ নেই। ফ্যাট কমাতে গেলে প্রয়োজন নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাস। বাঁশের ম্যাসাজ কেবল মানসিক চাপ কমিয়ে শরীরকে আরাম দিতে রুটিনের অংশ হতে পারে। তাই ভাইরাল ট্রেন্ডে অন্ধভাবে বিশ্বাস না করে দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমেই মেদ কমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।