বাংলাদেশে বসে নাশকতার ছক লস্কর জঙ্গি শাব্বির লোন দিল্লি পুলিশের জালে

ভারতে বড়সড় হামলার পরিকল্পনা ভেস্তে দিয়ে লস্কর-ই-তইবার সক্রিয় জঙ্গি শাব্বির আহমেদ লোন ওরফে রাজাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ধৃত এই প্রশিক্ষিত জঙ্গি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ছক কষছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে সে বাংলাদেশি নাগরিক ও অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়োগ করে হামলার নীল নকশা তৈরি করছিল বলে দাবি তদন্তকারীদের।
তদন্তে উঠে এসেছে যে, সম্প্রতি দিল্লি ও কলকাতায় ভারত-বিরোধী পোস্টার লাগানোর ঘটনায় ধৃত আটজনের প্রধান ‘হ্যান্ডলার’ ছিল এই শাব্বির। সে পাকিস্তানের মুজফ্ফরাবাদে উন্নত অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত এবং ২০০৭ সালেও একে-৪৭ রাইফেল ও গ্রেনেডসহ ধরা পড়েছিল। তিহার জেলে প্রায় এক দশক সাজা খাটার পর জামিনে মুক্তি পেয়ে সে বাংলাদেশে পালিয়ে গিয়ে পুনরায় জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলে।
গোয়েন্দা সূত্রের খবর, শাব্বির জনবহুল এলাকা বা ধর্মীয় স্থানে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল। ধৃতকে জেরার মাধ্যমে এই চক্রের অর্থের উৎস, নিয়োগ প্রক্রিয়া এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই গ্রেফতারির ফলে লস্করের একটি শক্তিশালী মডিউল ধ্বংস হয়েছে এবং ভারতে বড় ধরনের নাশকতার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ।