‘বাংলাদেশ থেকে আসলে জমি নিয়ে আসুন’, যশোর-খুলনাকে ভারতে শামিলের দাবি শমীকের

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে পশ্চিমবঙ্গকে ‘পশ্চিমবাংলাদেশ’ হতে না দেওয়ার সংকল্প প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ভবিষ্যৎ বিপন্ন করা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন ও অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি রাজ্য সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন।
বিতর্কিত মন্তব্য করে শমীক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ থেকে কেউ এলে যেন জমি নিয়েই আসেন, নতুবা যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করা উচিত। খিদিরপুর, মহেশতলা ও মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কিছু এলাকায় ‘মিনি পাকিস্তান’-এর মতো পরিবেশ তৈরি হয়েছে। এ সময় তিনি বিধায়ক হুমায়ুন কবীরকেও নিশানা করেন এবং রাজ্যের ধর্মীয় মেরুকরণ নিয়ে সরব হন।
বিজেপি সভাপতি স্পষ্ট করেন যে তারা কোনও ধর্মের বিরোধী নয় এবং ভারতীয় মুসলমানদের প্রতি তাঁদের পূর্ণ সম্মান রয়েছে। তবে অতীতের ‘গোলামির প্রতীক’ আর ফিরতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এদিনই শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বিজেপিতে যোগ দেন এবং রাজবংশী নেতা বংশীবদন বর্মন গেরুয়া শিবিরকে সমর্থনের বার্তা দেন।