বাংলায় ‘ঘোষিত রাষ্ট্রপতি শাসন’ জারি! নির্বাচনী ডামাডোলে কমিশন ও মমতার সংঘাত তুঙ্গে

পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। মুখ্য সচিব ও ডিজিপির পর আরও পাঁচজন আইএএস আধিকারিককে তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে ‘ঘোষিত রাষ্ট্রপতি শাসন’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, খাদ্য সচিবকে সরানোর ফলে রেশন বণ্টন ব্যাহত হলে তার দায় কেন্দ্রকেই নিতে হবে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশন এখন বিজেপির ক্রীড়নকে পরিণত হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন, যার শুনানি হবে আগামী সোমবার। তাঁর প্রশ্ন, যে আধিকারিকরা নিজের রাজ্যে নির্বাচনী কাজের অযোগ্য, তাঁরা ভিন রাজ্যে পর্যবেক্ষক হন কীভাবে?
অন্যদিকে, ভোটার তালিকায় নাম নিয়ে দুশ্চিন্তায় থাকা লক্ষাধিক মানুষের জন্য স্বস্তির খবর মিলেছে। সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হবে। তালিকায় নাম না থাকলে হাইকোর্ট গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আপিল করা যাবে, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে আজ স্ট্র্যান্ড রোডের নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়।