বাংলায় চলবে না ‘বুলডোজার মডেল’, পুলিশকর্তাদের গণ-বদলিতে কমিশন ও বিজেপিকে কড়া তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নজিরবিহীন রদবদল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরপরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-সহ কলকাতা পুলিশ ও পুর কমিশনারের বদলিকে বাংলার ওপর পরিকল্পিত আঘাত হিসেবে বর্ণনা করেছেন তিনি। শনিবার এক এক্স পোস্টে অভিষেক অভিযোগ করেন, এই পরিবর্তনের মাধ্যমে রাজ্যে অশান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে জোরপূর্বক ‘বুলডোজার মডেল’ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
তৃণমূল নেতার দাবি, এই প্রশাসনিক রদবদলের পর বিভিন্ন এলাকায় দোকান ভাঙচুর ও ধর্মের নামে উত্তেজনা ছড়ানোর মতো ঘটনা সামনে আসছে। তিনি স্পষ্ট জানান, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের এই পুণ্যভূমিতে ঘৃণা ও হিংসার রাজনীতির কোনো স্থান নেই। বাংলার দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক কাঠামোকে সুপরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রদবদলের এই সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি একে বিজেপির চাপিয়ে দেওয়া ‘পরিবর্তন’ বলে কটাক্ষ করেছেন।
অভিষেক আরও মনে করিয়ে দেন, দুর্গাপুজো থেকে ঈদ বা বড়দিন—সব উৎসবই বাংলায় সম্প্রীতির সঙ্গে পালিত হয়। বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্য ও সহিষ্ণুতার পরিবেশকে কালিমালিপ্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে তিনি সরব হন। এই অস্থির পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি প্রশ্ন করেন, এই অরাজকতা থেকে শেষ পর্যন্ত লাভবান হচ্ছে কে। বাংলার মানুষ এই ধরনের বহিরাগত সংস্কৃতি গ্রহণ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।