বাংলায় দুই দফায় বিধানসভা ভোট, আজই প্রার্থী তালিকা ঘোষণা করছে বামেরা

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী ২৩ এবং ২৬ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। প্রায় ৫০ বছর পর বাংলায় দুই দফায় নির্বাচন হতে যাচ্ছে, যার ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আজ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ১৯৭৭ সালের পর এই প্রথম রাজ্যে এত স্বল্প দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
অন্যদিকে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার প্রক্রিয়া চলছে। বিচারপ্রক্রিয়া শেষ হলে অতিরিক্ত তালিকার নামগুলো বর্তমান ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে বলে কমিশন আশ্বস্ত করেছে।