বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর এন রবি

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে রাজভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ৫ মার্চ সি ভি আনন্দ বোস আকস্মিকভাবে ইস্তফা দেওয়ার পর তামিলনাড়ুর রাজ্যপাল তথা প্রাক্তন আইপিএস আধিকারিক আর এন রবিকে বাংলার দায়িত্ব দেয় কেন্দ্র। ১৯৫২ সালে জন্মগ্রহণ করা রবীন্দ্র নারায়ণ রবি ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস আধিকারিক ছিলেন। প্রশাসনিক কর্মজীবনে তিনি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং নাগা শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে তিনি নাগাল্যান্ড ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন।
উল্লেখ্য, আর এন রবির নিয়োগ নিয়ে আগেভাগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি নতুন রাজ্যপালকে ‘বিজেপির ক্যাডার’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও তাঁর কার্যকলাপে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। রাজ্য রাজনীতিতে এই সংঘাতের আবহেই আজ থেকে বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে নিজের সফর শুরু করলেন আর এন রবি।