বাংলার বিধানসভা ভোটে অধীরই ভরসা? প্রার্থী তালিকা নিয়ে তুঙ্গে জল্পনা

রাজ্য বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠলেও কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও অধরা। তবে দলীয় সূত্রের খবর, বাংলায় হারানো জমি পুনরুদ্ধার করতে অভিজ্ঞ নেতা অধীর রঞ্জন চৌধুরীর ওপরই চূড়ান্ত ভরসা রাখছে হাইকমান্ড। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের গড় হাতছাড়া হওয়ার পর, এবার তাঁকে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতির হাত ধরেই রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে এআইসিসি। ১৯৯৬ সালে নবগ্রাম থেকে বিধায়ক হওয়া অধীর বাবু দীর্ঘ আড়াই দশক সংসদীয় রাজনীতি সামলেছেন। তৃণমূল ও বিজেপি ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করায় চাপে রয়েছে কংগ্রেস। তাই আসন্ন লড়াইয়ে হেভিওয়েট মুখ হিসেবে ‘বহরমপুরের রবিন হুড’-কে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে বিধান ভবন।
বুধবারই কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যেই চূড়ান্ত আলোচনার জন্য দিল্লি গিয়েছেন। এই তালিকায় অধীর চৌধুরী ছাড়াও ইশা খান চৌধুরী ও মৌসুম নূরের মতো পরিচিত নামগুলো থাকার সম্ভাবনা রয়েছে। মালদা ও মুর্শিদাবাদের মতো গড়গুলোতে নিজেদের আধিপত্য বজায় রাখাই এখন কংগ্রেস শিবিরের প্রধান লক্ষ্য।