বাংলার বিরুদ্ধে একজোট কেন্দ্র ও এজেন্সি, রাষ্ট্রপতিকে টেনে তোপ অভিষেকের

রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত তুঙ্গে। সম্প্রতি শিলিগুড়িতে এক অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি উষ্মা প্রকাশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের সমালোচনা করেন। এর পাল্টা জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে। তাঁর অভিযোগ, বাংলার বিরুদ্ধে বিজেপি পরিকল্পিতভাবে চক্রান্ত করছে।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক একটি তালিকা প্রকাশ করে দাবি করেন, আসন্ন নির্বাচনে বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে একজোট হয়েছে বিজেপি, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনী। এমনকি এই তালিকায় তিনি প্রধানমন্ত্রী ও রাজ্যপালের পাশাপাশি খোদ রাষ্ট্রপতির নামও অন্তর্ভুক্ত করেছেন। অভিষেকের মতে, কেন্দ্রীয় এজেন্সি ও সাংবিধানিক পদাধিকারীদের ব্যবহার করে বাংলার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।
তৃণমূল নেতার সাফ বার্তা, শত বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও বাংলা মাথা নত করবে না। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে রাজ্যের মানুষকে দমানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। একদিকে যখন জনজাতি ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন মোদী-মুর্মু, তখন অভিষেক বিষয়টিকে ‘বাংলার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে তুলে ধরে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছেন।