বাংলার ভোটে রিটার্নিং অফিসার নিয়োগে কড়া কমিশন, এসডিএম পদমর্যাদার নিচে আর নয়

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে রিটার্নিং অফিসার (আরও) নিয়োগের ক্ষেত্রে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবার প্রথমবারের মতো রাজ্যের ১৫২টি কেন্দ্রে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা তার উচ্চপদস্থ আধিকারিকদের এই দায়িত্বে নিয়োগ করা হয়েছে। দীর্ঘদিনের রীতি ভেঙে সারা দেশের অভিন্ন নিয়ম মেনেই পশ্চিমবঙ্গে এই উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হলো।
কমিশন সূত্রে খবর, ইতিপূর্বে রাজ্য সরকার নির্ধারিত মানের চেয়ে নিম্ন পদমর্যাদার আধিকারিকদের তালিকা পাঠালেও এবার সেই প্রথা কঠোরভাবে বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও কমিশনের অনড় অবস্থানের প্রেক্ষিতে রাজ্য সরকার পর্যাপ্ত সিনিয়র আধিকারিকদের তালিকা জমা দিতে বাধ্য হয়। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ২১ নম্বর ধারা অনুযায়ী পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে এই নতুন নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফর করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যেই ২৯৪টি কেন্দ্রের জন্য যোগ্য আধিকারিক বাছাই করে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনোভাবেই নিম্ন পদের কাউকে আর রিটার্নিং অফিসার হিসেবে মনোনীত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।