বাংলার মসনদে কি ফের মমতা? সমীক্ষায় তৃণমূলের ম্যাজিক ফিগার ছোঁয়ার ইঙ্গিত

বাংলার মসনদে কি ফের মমতা? সমীক্ষায় তৃণমূলের ম্যাজিক ফিগার ছোঁয়ার ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ‘নিউজ ১৮’-এর সাম্প্রতিক জনমত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল ১৮৪ থেকে ১৯৪টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরতে পারে। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি ৯৮ থেকে ১০৮টি আসনেই সীমাবদ্ধ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভোটের লড়াইয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে শতাংশের হিসাব। জনমত সমীক্ষায় তৃণমূলের ঝুলিতে ৪১.৯ শতাংশ এবং বিজেপির পক্ষে ৩৪.৯ শতাংশ ভোট যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকারের কর্মক্ষমতায় রাজ্যের প্রায় ৪৩.৩ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে দুর্নীতি ও মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলোও ভোটারদের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনী বৈতরণী পার হতে সাধারণ মানুষের কাছে কর্মসংস্থানই প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে, যা প্রায় ৩৭.২ শতাংশ ভোটারের অগ্রাধিকার। এছাড়া নারী সুরক্ষা এবং আরজি কর কান্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলি ১৫.৯ শতাংশ মানুষের মনে রেখাপাত করেছে। উন্নয়নের প্রতিশ্রুতি আর জনরোষের এই টানাপোড়েনের মধ্যেই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *