বাংলার মানুষের টাকা হাতিয়ে নিতে মরিয়া বিজেপি, মারাত্মক হুঁশিয়ারি অভিষেকের

বিধানসভা ভোটের আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড়সড় চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চ থেকে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার ছক কষছে বিজেপি। তাঁর অভিযোগ, কেওয়াইসি বা ভোটার কার্ডের তথ্যের অছিলায় মানুষের জমানো কষ্টার্জিত টাকা আত্মসাৎ করতেই এই নয়া ফাঁদ পেতেছে গেরুয়া শিবির। দিল্লি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এই বিস্ফোরক দাবি করেছেন।
একই সঙ্গে নির্বাচন কমিশনকেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। বিগত নির্বাচনগুলোর মতো এবারও দফায় দফায় ভোট না করে সাহস থাকলে এক দফায় ভোট করানোর আহ্বান জানান তিনি। অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, বাংলার মানুষ এই চক্রান্তের যোগ্য জবাব দেবে এবং বিরোধীদের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেবে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, বাংলার মানুষ আর কোনোভাবেই এই প্রতিহিংসার রাজনীতি মেনে নেবে না।